গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পদায়ন কিশোরগঞ্জে
গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পদায়ন কিশোরগঞ্জে

বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পর এবার জেলার তিনটি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রবিবার ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বদলিকৃত ওসিরা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। এর আগে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছিল।
প্রসঙ্গত, সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জেলাজুড়ে চরম উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী লগি-বৈঠা, লাঠি, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় দেড় হাজারের বেশি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রতিদিনের বাংলাদেশ-কে বলেন, “সরকার সব ধরনের নাশকতা দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের বিষয়টিও সরকারের নজরে আছে এবং ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: