মোল্লাহাটে প্রস্তাবিত স্কুলের সরকারি জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড উপড়ে ফেলার অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মোল্লাহাটে প্রস্তাবিত স্কুলের সরকারি জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড উপড়ে ফেলার অভিযোগ

19 November 2026, 9:40:13

মোল্লাহাটে প্রস্তাবিত স্কুলের সরকারি জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড উপড়ে ফেলার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিশুদের শিক্ষার স্বার্থে প্রস্তাবিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত সরকারি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বুধবার(১৯ নভেম্বর) উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, কাচনা গ্রামের কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্র’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) একটি সরকারি জমি বরাদ্দ চেয়ে বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) কাছে অফিসিয়ালভাবে একটি আবেদন করা হয়। আবেদনটি বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়ায় পেন্ডিং রয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি ও সীমানা নির্ধারণের জন্য ওই জমিতে একটি সাইনবোর্ড দেয়া হয়েছিল। কিন্তু বুধবার স্থানীয় প্রভাবশালী একটি মহল সংঘবদ্ধভাবে সেখানে গিয়ে সেই সাইনবোর্ডটি উপড়ে ফেলে এবং সরকারি জমিটি নিজেদের দখলে নেওয়ার পাঁয়তারা চালায়।

ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, গ্রামটিতে মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় দীর্ঘদিন ধরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। প্রস্তাবিত ‘প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্র’টি বাস্তবায়িত হলে এলাকার শিশুদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনকল্যাণমূলক এই উদ্যোগ ব্যাহত করতে চাইছে।

এলাকাবাসী দ্রুত এ ঘটনায় হস্তক্ষেপ কামনা করে সাইনবোর্ড উপড়ে ফেলা ও জমি দখলের অপচেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসাথে শিশুদের শিক্ষার স্বার্থে দ্রুত সরকারি জমিটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন বলেন, এমন‌ কোন ঘটনার খবর আমরা পাইনি, তবে কেউ যদি অভিযোগ করে তবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard