মাদকের প্রতিবাদ করায় দম্পতির ওপর হামলা, কুমারখালী থানায় লিখিত অভিযোগ
মাদকের প্রতিবাদ করায় দম্পতির ওপর হামলা, কুমারখালী থানায় লিখিত অভিযোগ

জাহিদ তানভীর, জেলা প্রতিনিধি কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে মাদকসেবন ও মাদক বিক্রির প্রতিবাদ করায় এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দম্পতি চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা রতন আহমেদ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই কিছু ব্যক্তির মাদকসেবন ও মাদক বিক্রির অভিযোগ করে আসছিলেন। তাদের দাবি, এ কারণে এলাকায় স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল এবং পরিবার নিয়ে নিরাপদে বসবাস করাও কঠিন হয়ে পড়েছিল।
ভুক্তভোগী রতন আহমেদের অভিযোগ, তার বাবা বিষয়টি নিয়ে কয়েকজনকে সতর্ক ও নিষেধ করলে মঙ্গলবার সকালে টুটুল হোসেন, হাবিবুল্লাহসহ কয়েকজন তাদের বাড়িতে এসে হামলা চালান। এ সময় তাকে ও তার স্ত্রী সুমাইয়া খাতুনকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর বুধবার দুপুরে রতন আহমেদ কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হাবিবুল্লাহ। তিনি বলেন, রতন আহমেদের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে। হামলার ঘটনায় তিনি বা তার পরিবারের কেউ জড়িত নন এবং মাদক ব্যবসার অভিযোগও ভিত্তিহীন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: