বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, ওয়ার্কার্স পার্টির শোক
বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, ওয়ার্কার্স পার্টির শোক

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেটি রোড এলাকার বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর (৭৫) আর নেই।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ১১টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেটি রোড শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শেষকৃত্য অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় ভাস্করানন্দ সূত্রধর ৪ নম্বর সেক্টরের অধীনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তিনি স্থানীয়ভাবে একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুপরিচিত ছিলেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শোকবার্তায় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশের জন্য যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভাস্করানন্দ সূত্রধরের জীবন ও সংগ্রাম সেই ইতিহাসেরই এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: