শনিবার ১ আগস্ট, ২০২৬

বানারীপাড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে সঞ্জীব রায়ের গ্রেফতারের দাবিতে ফের বিক্ষোভ

31 July, 2026 10:22:44
বানারীপাড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে সঞ্জীব রায়ের গ্রেফতারের দাবিতে ফের বিক্ষোভ

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাসিন্দা সঞ্জীব রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বানারীপাড়া ফেরিঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েরহাট ব্রিজ এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ আইনগত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সৈয়দকাঠি ইউনিয়নের বাসিন্দা সঞ্জীব রায় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মন্তব্যে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে অভিযোগ রয়েছে, সঞ্জীব রায় সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। বিতর্কিত ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এতে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তারা দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বানারীপাড়াজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport