বাগেরহাট হাসপাতালে আগুন, দগ্ধ অ্যাম্বুলেন্সচালক; পুড়েছে ৮ মোটরসাইকেল
বাগেরহাট হাসপাতালে আগুন, দগ্ধ অ্যাম্বুলেন্সচালক; পুড়েছে ৮ মোটরসাইকেল
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের প্রধান ফটকের পাশে রাখা আটটি মোটরসাইকেলও পুড়ে গেছে।
আজ দুপুর ১২টার পর হাসপাতালের প্রধান গেটের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে প্রথমে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন আশপাশে থাকা মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন হাসপাতালের মূল ভবনে পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুরজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, আগুনে আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। এগুলোর মধ্যে হাসপাতালের স্টাফদের ব্যবহৃত মোটরসাইকেলও রয়েছে। তবে কোনো রোগী বা হাসপাতালের চিকিৎসক-কর্মচারী হতাহত হননি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনও পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান টুটুল বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। ফলে হাসপাতালের মূল ভবন ও রোগীরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।
তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে কীভাবে লিকেজ বা বিস্ফোরণ ঘটেছে এবং এতে মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



