বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে টানা তিন দিনের হরতালের ঘোষণা
বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে টানা তিন দিনের হরতালের ঘোষণা

বাগেরহাট প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫।
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করেন বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটির নেতা-কর্মীরা। ফলে জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কমিটির নেতারা জানান, জেলার নয়টি উপজেলার অন্তত দুই শতাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এতে আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিশেষ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতু, ফতেপুর ও সিএনবি বাজার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নিত্যপণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
হরতালের কারণে জেলার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় বাজার ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।
এর মধ্যে ফকিরহাটের কাটাখালী মোড়ে এক জরুরি সভা করে সর্বদলীয় কমিটি। সভা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার (১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর) টানা সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল চলবে।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় কমিটির কো–কনভেনর এম. এ সালাম বলেন, “এ আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: