বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার, লাঠি-ব্যানার ও মাস্ক উদ্ধার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার, লাঠি-ব্যানার ও মাস্ক উদ্ধার

22 July 2026, 11:35:04

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার, লাঠি-ব্যানার ও মাস্ক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট শহরে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সদর মডেল থানার একটি দল ওই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত প্রায় ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী স্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করে বলে পুলিশের দাবি। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়। তবে আরও কয়েকজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহীন ফকির (১৮), লিটন চাপরাশি (২২), শামীম হোসেন (১৮), আরিফুল ইসলাম (১৮), রিয়াদ শেখ (১৮), রাতিন ইসলাম মোল্লা (১৮), সিরাজ শেখ (১৮), নাজমুল হাসান (১৮), আব্দুল কাইয়ুম (২১), মাহিম হাওলাদার (১৮), হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাসান হাওলাদার (৩৩)।

পুলিশ আরও জানায়, এজাহারভুক্ত তিনজনসহ আরও ২৩ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আটক ও পলাতক ব্যক্তিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। তবে এ অভিযোগ তদন্তাধীন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ঘটনাটি কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: