বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন

22 July 2026, 3:54:26

বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন

মোঃ ইমরান হোসাইন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলা কিউআর (QR) কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০জুলাই) দুপুরে বাউফল পাবলিক মাঠে পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার এ নতুন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার ব্যবস্থাপক টি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক, বাউফল শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কালাইয়া শাখার ব্যবস্থাপক রুবাইয়াত মোরশেদ মিশুক, আশা বাউফল শাখার সিনিয়র ম্যানেজার আসাদুজ্জামান, সমকাল-এর বাউফল উপজেলা প্রতিনিধি জিতেন রায়সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক বাউফল উপ-শাখার কর্মকর্তা মোহাম্মদ শাহিন হোসেন। এতে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর কোডের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে আর্থিক লেনদেন করতে পারবেন।
বরুণ মৃৎশিল্পের স্বত্বাধিকারী বরুণ পাল বলেন, “ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে গিয়ে দেখেছি, সেখানে নগদ অর্থ বহনের প্রচলন প্রায় নেই। কিউআর কোডের মাধ্যমে অধিকাংশ লেনদেন সম্পন্ন হয়। পূবালী ব্যাংকের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

রূপসী বাংলা গার্মেন্টসের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম মোস্তফা বলেন, “কিউআর কোড ব্যবহারে নগদ অর্থ বহনের ঝুঁকি, জাল নোট কিংবা ছেঁড়া নোটের সমস্যার সম্মুখীন হতে হয় না। যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই লেনদেন করা যায়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।”
প্রধান অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, “বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে গ্রাহক যেমন উপকৃত হবেন, তেমনি ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রবাহও বৃদ্ধি পাবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমে ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারিত হবে।”

সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার ব্যবস্থাপক টি. এম. মনিরুজ্জামান বলেন, “গ্রাহকরা এখন পূবালী ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন। এ সেবা জনপ্রিয় করতে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।”
অনুষ্ঠানের শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: