বাঁশগাড়িকে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রমুক্ত করার আহ্বান এমপি বকুলের | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন, রাজনীতি / বিস্তারিত

বাঁশগাড়িকে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রমুক্ত করার আহ্বান এমপি বকুলের

3 June 2026, 5:15:59

বাঁশগাড়িকে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রমুক্ত করার আহ্বান এমপি বকুলের

জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও সহিংসতামুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

মঙ্গলবার বাঁশগাড়ি ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার বকুল বলেন, “বাঁশগাড়ি একসময় মেধাবী মানুষের জনপদ হিসেবে পরিচিত ছিল। এখানকার শিক্ষিত ও সচেতন মানুষের অবদানে বহু মেধাবী ব্যক্তির জন্ম হয়েছে। কিন্তু বর্তমানে মাদক ও সামাজিক অবক্ষয়ের কারণে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”

তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবারের কোনো সদস্য, আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের সুপথে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এমপি বকুল বলেন, “আমরা প্রতিটি গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তালিকা প্রস্তুত করছি। কোনো মাদক সম্রাটকে ছাড় দেওয়া হবে না।”
আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মারামারি বা সহিংসতার রাজনীতি আর চলবে না। যারা অপরাধ করবে, তাদের বিচার আদালতেই হবে। এলাকায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর।”

অস্ত্রধারীদের উদ্দেশে তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাবেশের আয়োজন করা হবে। সেখানে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অস্ত্র জমা দেওয়ার পর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং সাধারণ ক্ষমার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, “বাঁশগাড়িতে কোনো চাঁদাবাজি, খুন-খারাবি বা অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সারুয়ার আলম, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আ. মান্নান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এন জামান, রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক নাজমুল হক ভুঁইয়া মোহন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভুঁইয়া আলতাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য ডা. মাহবুর রহমান, সদস্য মো. শাহ আলম, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, মহিলা দল নেত্রী আসমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: