ফুলবাড়ীতে মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার, নগদ ৫৩ হাজার টাকা জব্দ; তিন মাদক কারবারি পলাতক
ফুলবাড়ীতে মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার, নগদ ৫৩ হাজার টাকা জব্দ; তিন মাদক কারবারি পলাতক
মো: শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ২টি বাটন মোবাইল ফোন, ১টি ক্রস বডি ব্যাগ, মাদক কেনাবেচার নগদ ৫৩ হাজার ৫০ টাকা এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মৃত জিন্নাত আলীর ছেলে শাহজাহান আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোটরসাইকেল পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
পরে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) গোলাম মোর্শেদ এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম উপস্থিত হলে স্থানীয় জনগণের উপস্থিতিতে মোটরসাইকেলের বিশেষভাবে তৈরি গোপন স্থানে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া তিন মাদক কারবারির পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন-উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামের শাহজাহান আলীর ছেলে আলমগীর হোসেন (২৫), শামসুল ওরফে শামসুদ্দিন (৪০) এবং মৃত জিন্নাত আলীর ছেলে শাহজাহান আলী (৬৫)।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে একে অপরকে দেখিয়ে দেন এবং সেখান থেকে চলে যান।
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



