পানছড়ি চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু
পানছড়ি চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

মোঃ নূর হোসাইন বাবু, পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পানছড়িতে বইছে উৎসবের হাওয়া। পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ‘বিজু, সাংগ্রাই ও বৈসুক’ এর আমেজ এখন চারদিকে বইছে। আজ ভোরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর রাবার ড্রাম চেঙ্গী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিজু উৎসবের প্রথম দিন ফুল বিজু
রবিবার (১২ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই পানছড়ির বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মানুষ শান্তিপুর রাবার ড্রাম চেঙ্গী নদীর তীরে জড়ো হন। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা থালায় করে নিয়ে আসা নানা রঙের বুনো ফুল নদীর জলে উৎসর্গ করেন। পুরাতন বছরের সকল দুঃখ ও গ্লানি মুছে ফেলে নতুন বছরের মঙ্গল কামনায় নদীর পবিত্র জলে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন তারা।
উৎসবে আসা দূর দুরান্ত থেকে সাধারণ মানুষ জানান, এটি তাদের হাজার বছরের ঐতিহ্য। ফুল ভাসানোর মাধ্যমে তারা প্রকৃতিকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলো যেন শান্তিময় হয় সেই কামনা করেন। নদীর তীরে হাজার হাজার ফুলের এই সমারোহ এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে, যা দেখতে স্থানীয়দের পাশাপাশি অনেক পর্যটকও ভিড় জমান সেখানে।
পার্বত্য জনপদের ক্যালেন্ডার অনুযায়ী, আজ ‘ফুল বিজু’র মধ্য দিয়ে উৎসবের শুরু হলো। আগামীকাল সোমবার পালিত হবে উৎসবের মূল আকর্ষণ ‘মূল বিজু’। ওইদিন ঘরে ঘরে বিশেষ খাদ্য ‘পাজন’ রান্না করা হবে এবং মেহমানদের আপ্যায়ন করা হবে। এরপরের দিন মঙ্গলবার নববর্ষ বা ‘গজ্যাপজ্যা বিজু’র মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই বর্ণাঢ্য আয়োজনের।
খাগড়াছড়ি পানছড়ি এলাকার বাজারগুলোতেও এখন উৎসবের ভিড়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই উৎসবে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মেতে উঠেছেন বাঁধভাঙ্গা উল্লাসে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: