নরসিংদীতে ভাবির হাতে শারীরিক নির্যাতনের শিকার মুদি দোকানি শাকিল মিয়া: থানায় জিডি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

নরসিংদীতে ভাবির হাতে শারীরিক নির্যাতনের শিকার মুদি দোকানি শাকিল মিয়া: থানায় জিডি

23 July 2026, 11:32:16

নরসিংদীতে ভাবির হাতে শারীরিক নির্যাতনের শিকার মুদি দোকানি শাকিল মিয়া: থানায় জিডি

ওমর ফারুক: নরসিংদী প্রতিনিধি|

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের দগরিয়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাবির হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাহেপ্রতাব বাজারের মুদি ব্যবসায়ী শাকিল মিয়া। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জিডি সূত্রে জানা যায়, শাকিল মিয়া পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় তিন শতক জমি কিছুদিন আগে তার বড় ভাই মরহুম ফেরদৌস মিয়ার স্ত্রী আফরোজা আক্তার স্মৃতির কাছে বিক্রি করেন। জমি বিক্রির সময় সেখানে থাকা একটি ঘর পরবর্তীতে সরিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা হয়েছিল বলে তিনি দাবি করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ঘরটি সরিয়ে নিতে গেলে আফরোজা আক্তার স্মৃতি এতে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি শাকিল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীও ঘটনার বিষয়টি দেখেছেন বলে দাবি করা হয়েছে।

শুধু শারীরিক নির্যাতনই নয়, অভিযোগে আরও বলা হয়েছে, আফরোজা আক্তার স্মৃতি শাকিল মিয়া, তার প্রবাসী ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন।

পারিবারিক বিরোধ বা যেকোনো বিষয়কে কেন্দ্র করে তিনি এলাকার বাইরে থেকে লোকজন এনে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় শাকিল মিয়া ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শাকিল মিয়া। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আফরোজা আক্তার স্মৃতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার অবস্থান জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এটি অভিযোগকারীর বক্তব্য ও থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: