দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ

মাফিকুল ইসলাম,দিনাজপুর, প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও উপকারভোগীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারের জন্য ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বক্তব্যে সংসদ সদস্য বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মোট ১৭৪ জন শিক্ষার্থীকে ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থী রয়েছেন।
এ ছাড়া ২৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচটি গৃহহীন পরিবারের মধ্যে নতুন ঘর বিতরণ করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: