মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

14 July, 2026 12:43:03
ঝালকাঠিতে সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

​ঝালকাঠির কাঠালিয়ায় বিষধর সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. ইমাম হোসেনের কন্যা।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু নুসরাত। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত উঠানের একটি গর্তের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির আর্তচিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত পরিবার তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, “ঘটনার পরপরই পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”

​বর্ষা ও ভ্যাপসা গরমের এই মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় সচেতন মহল বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তারা ঘরবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport