মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬

জুয়ার আসর বন্ধের পর সাংবাদিকের ওপর হামলা, গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

7 November, 2026 10:37:17
জুয়ার আসর বন্ধের পর সাংবাদিকের ওপর হামলা, গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাট জেলা প্রতিনিধি :

জুয়ার আসরে পুলিশের অভিযানকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশকে অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক নামে ওই সাংবাদিককে মারধর এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিরিশনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। পাশাপাশি তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেশ কিছুদিন ধরে একটি চক্রের মাধ্যমে জুয়ার আসর পরিচালিত হয়ে আসছিল। শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এরপর পুলিশের কাছে তথ্য সরবরাহের জন্য সাংবাদিক আব্দুল্লাহ ফারুককে সন্দেহ করতে শুরু করে ওই চক্রের সদস্যরা।

আব্দুল্লাহ ফারুক অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁকে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাংবাদিক ফারুকের দাবি, জুয়ার আসরে পুলিশের অভিযান পরিচালনার বিষয়ে তিনি কোনো তথ্য দেননি এবং ওই অভিযানের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। কেবল সন্দেহের বশবর্তী হয়ে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরামের বাগেরহাট শাখা। সংগঠনের সভাপতি সৈকত মন্ডল ও সাধারণ সম্পাদক সাগর মল্লিকসহ সদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard