চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস এম শহিদুল হক টিপু, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ ২২সেপ্টেম্বর সোমবার ২০২৫।
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক, চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের (এডহক) কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও. মনিরুজ্জামান ও সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি ডা. আবুল কালাম কাজী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক অনুপম সাহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খান, চিতলমারী বাজার কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজি, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি একরামুল হক মুন্সী এবং উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ পিকলু খান।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবকে ঘিরে সকল ধর্ম-বর্ণের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। বক্তারা পূজা মণ্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
তাঁরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব হিসেবেই নয়, বরং সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে আরও গুরুত্ব পাবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার জন্য আলাদা নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হবে।
উপস্থিত বক্তারা আরও বলেন, দুর্গাপূজা আজ কেবল ধর্মীয় নয়; এটি গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক ঐক্যেরও প্রতিচ্ছবি। পূজাকে ঘিরে গ্রামীণ মেলা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারস্পরিক সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়। তাই এই উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব।
সভায় সিদ্ধান্ত হয়—উপজেলার সব পূজা মণ্ডপে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমন্বিতভাবে কাজ করবেন, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: