চিতলমারীতে চার্চে ভাঙচুর, পুকুরে ফেলা মা মারিয়ার মূর্তি উদ্ধার, গ্রেপ্তার-১ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

চিতলমারীতে চার্চে ভাঙচুর, পুকুরে ফেলা মা মারিয়ার মূর্তি উদ্ধার, গ্রেপ্তার-১

24 September 2026, 11:09:07

চিতলমারীতে চার্চে ভাঙচুর, পুকুরে ফেলা মা মারিয়ার মূর্তি উদ্ধার, গ্রেপ্তার-১

বাগেরহাট জেলা প্রতিনিধি: 

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর এবং মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেখানো স্থান থেকে পুকুরের পানিতে ফেলে দেওয়া মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে প্রবেশ করেন ফায়জুল শেখ। এ সময় চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্সের গ্লাস ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়। পরে ওই বক্সে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা ডাক-চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে।

পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পানির মধ্য থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফায়জুল শেখের বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা নম্বর-১২, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ২৯৫ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard