চকরিয়ার ভাইয়াকাটায় মসজিদকে ঘিরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

চকরিয়ার ভাইয়াকাটায় মসজিদকে ঘিরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

25 July 2026, 10:41:47

চকরিয়ার ভাইয়াকাটায় মসজিদকে ঘিরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ আব্দুল্লাহ (আল্ মামুন),চকরিয়া, কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভাইয়াকাটা জামে মসজিদকে কেন্দ্র করে চলমান বিরোধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। এছাড়া মসজিদের অদূরে বেশ কয়েকজন নারীও অবস্থান নেন বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ মসজিদকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এ সময় পুলিশ সদস্য সাজ্জাদুল ইসলাম (রোহান) ও তার বড় ভাই মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা বলেন, মসজিদ একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। তাই মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের দ্রুত ও নিরপেক্ষ সমাধান প্রয়োজন। তারা মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ভাইয়াকাটা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

স্থানীয় বিএনপি নেতা আজিমুল ইসলাম আজিমও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য সাজ্জাদুল ইসলাম (রোহান) বলেন, বিষয়টি মূলত ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছে। তিনি জানান, ছুটিতে বাড়িতে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার সর্বোচ্চ চেষ্টা করবেন। তার বিরুদ্ধে আনা মাদক-সংশ্লিষ্ট অভিযোগকে তিনি ভিত্তিহীন দাবি করেন।

একইভাবে অভিযোগ অস্বীকার করেছেন তার বড় ভাই মিজানও।

স্থানীয়রা জানান, বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান না হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: