চকরিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ, এলাকায় উত্তেজনা | বিডি-প্রেস 24 ডট কম

চকরিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ, এলাকায় উত্তেজনা

30 April 2026, 8:57:33

চকরিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ, এলাকায় উত্তেজনা

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন), চকরিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজারবিল ভাইগ্যাঘোনা এলাকার বাসিন্দা মাহমুদুল হক মেম্বার ২০১১ সালের ৫ আগস্ট একই এলাকার মৃত নূরুল হোসেনের কাছ থেকে বিএস দাগ-১৪৩৯৯ অনুযায়ী ৩০ শতক মাছ চাষের জমি ক্রয় করেন । তবে চলতি বছরের ৮ অক্টোবর থেকে নূরুল হোসেনের ছেলে কফিল উদ্দিন ও নোমানসহ একটি সংঘবদ্ধ চক্র ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয় ।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ধারালো দা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা (দেশীয় অস্ত্র) নিয়ে জমিতে প্রবেশ করে এবং কাঠ-বাঁশ দিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালায় । এতে বাধা দিলে তারা গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় ।
মাহমুদুল হক মেম্বার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় অভিযোগ দিয়েছি । আমাদের জমিতে জোরপূর্বক দখলচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন ।
ভুক্তভোগীর ছেলে রাশেদুল হক বলেন, জমিটি আমাদের বৈধভাবে ক্রয়কৃত । এটি প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা চলছে । আমরা ন্যায়বিচার চাই ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র এলাকায় অবৈধ দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং কেউ প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হচ্ছে ।
স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেনি বলে জানা গেছে ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের জমির নিরাপত্তা নিশ্চিত এবং দখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছে ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: