রবিবার ৭ জুন, ২০২৬

গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের জনসংযোগ ব্যবস্থাপক সাংবাদিক-সংস্কৃতিকর্মী পলাশ চৌধুরী

7 June, 2026 6:00:32
গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের জনসংযোগ ব্যবস্থাপক সাংবাদিক-সংস্কৃতিকর্মী পলাশ চৌধুরী

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচ তারকা মানের রিসোর্ট ‘ গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’-এর জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক হিসেবে তেরো পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করলেন সাংবাদিক-সংস্কৃতিকর্মী পলাশ চৌধুরী। ২০১৩ সালে এই প্রতিষ্ঠানে যোগ দেন তিনি।

বিগত বছরগুলোতে হোটেল ইন্ডাস্ট্রির একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি তাঁর কাজে নিরন্তর অবদান রেখে চলেছেন। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক, ভিভিআইপি, সিআইপি, কর্পোরেট ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, প্রশাসনিক পদস্থ কর্মকর্তা, সিনিয়র-জুনিয়র নির্বিশেষে প্রাগ্রসর সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীসহ সকল স্তরের শ্রেণি পেশার প্রতিনিধি নেতৃত্বের সাথে তাঁর স্বভাবসুলভ হাসি ও ব্যবহারে মুগ্ধ করে রাখার চমৎকার গুণাবলিতে প্রিয়ভাজন হয়েছেন ও সেবা দিয়ে যাচ্ছেন নিরন্তর। পর্যটক বা সংশ্লিষ্টদের জন্য তাঁর চিন্তার ঝুলিতে, সমস্যার চাইতে সমাধান আছে বেশি। আন্তরিকভাবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন খুব সহজে, নীরবে। পর্যটন অঞ্চল শ্রীমঙ্গল-কমলগঞ্জের প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় তাঁর নিয়মিত লেখা ফিচারগুলোতেও।

তাঁর সম্পর্কে সিনিয়র সাংবাদিক শান্তা মারিয়া লিখেন, ‘মুক্তকণ্ঠে আমার সুদর্শন সহকর্মী পলাশ চৌধুরী একবার বলেছিলেন, কর্মক্ষেত্র বদলে যাবে কিন্তু সম্পর্কটা চিরকালীন। কথাটা কত সত্যি তা বুঝেছি এই চব্বিশ বছরে।

ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন পলাশ চৌধুরী। সংস্কৃতিকর্মী ও সংগঠক হিসেবে তিনি শব্দ-আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, শিশুতীর্থ-আনন্দধ্বনি সঙ্গীত বিদ্যায়তনের সংগঠক। জাতীয় আবৃত্তি সমন্বয় পরিষদ, ময়মনসিংহ সাহিত্য সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা ও কেন্দ্রের সাথে কাজ করেছেন দীর্ঘদিন।

তাঁর সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেছেন, “পেশাগত সাফল্যের পাশাপাশি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া খুব সহজ বিষয় নয়। কিন্তু পলাশ চৌধুরী তাঁর সৌজন্য, আন্তরিকতা এবং মানবিক আচরণের মাধ্যমে সেই কাজটি করে চলেছেন বছরের পর বছর।”

তাঁর সাংবাদিকতার শুরু ১৯৮৯ সালে সাপ্তাহিক খবরের কাগজ পত্রিকায় ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে। সেই থেকে গত ৩৭ বছরে কাজ করেছেন চট্টগ্রামে গণসাহায্য সংস্থা, ঢাকায় বেক্সিমকো মিডিয়ার দৈনিক মুক্তকন্ঠ, ট্রান্সকম মিডিয়ার দৈনিক প্রথম আলো, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, পাক্ষিক আনন্দ বিনোদন, প্রাচীন টেলিফিল্ম সবশেষে মেঘনা গ্রুপের একাত্তর টেলিভিশনে ছিলেন সিনিয়র নিউজরুম এডিটর। সাংবাদিকতায় প্রশিক্ষণ নিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও এমআরডিআর। সাংবাদিক হিসেবে তিনি যুক্ত আছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি), প্রতিষ্ঠাতা সদস্য, কালচারাল জার্নালিষ্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)তে। লেখালেখি করছেন, চ্যানেল আই অনলাইন এবং জাতীয় সাপ্তাহিক ঢাকা নিউজ টুয়েন্টিফোরডটকমে।

অনেক অনেক শুভ কামনা ও দীর্ঘায়ু কামনা করছি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport