গুরুদাসপুরে অবৈধ মিনি পেট্রোল পাম্পে আগুন, স্বর্ণের দোকানসহ পাঁচ স্থাপনা পুড়ে ছাই | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

গুরুদাসপুরে অবৈধ মিনি পেট্রোল পাম্পে আগুন, স্বর্ণের দোকানসহ পাঁচ স্থাপনা পুড়ে ছাই

14 July 2026, 11:45:31

গুরুদাসপুরে অবৈধ মিনি পেট্রোল পাম্পে আগুন, স্বর্ণের দোকানসহ পাঁচ স্থাপনা পুড়ে ছাই"

শরিফ ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে অনুমোদনহীন একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাম্পসহ তিনটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর বাজারের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাজিরপুর বাজারে অবস্থিত মেসার্স নুরু এন্টারপ্রাইজ নামে একটি অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পে তেলের ট্যাংক মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন পাম্প থেকে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে মোস্তফার মুদি দোকান, রেজাউল করিমের স্বর্ণের দোকান, সেলিমের কীটনাশকের দোকান এবং মামুন হোসেন ও মোশারফ হোসেনের দুটি বসতবাড়ি পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোস্তম আলী বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত পাম্পটির ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল না। দীর্ঘদিন ধরে এটি পরিচালিত হয়ে আসছিল। খবর পেয়ে গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী বলেন, পেট্রোল পাম্পটির সরকারি অনুমোদন না থাকলেও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোস্তফা বলেন, আগুনে তার মুদি দোকানের সব মালামাল পুড়ে গেছে। তিনি এখন নিঃস্ব।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা অবৈধভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পেট্রোল পাম্প পরিচালনার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের দাবি জানান।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর পেট্রোল পাম্পের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: