শুক্রবার ১৭ জুলাই, ২০২৬

খড়মখালী ব্লকে শুরু হলো কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

16 July, 2026 10:22:26
খড়মখালী ব্লকে শুরু হলো কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বাগেরহাট জেলা প্রতিনিধি:

কৃষকদের একটি আধুনিক ও নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তুলতে বাগেরহাটের চিতলমারীতে স্মার্ট কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী ব্লকে প্রথমবারের মতো এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার পাঁচপাড়া এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল ও মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কৃষকদের প্রকৃত তথ্য সংরক্ষণ হলে সরকারি কৃষি সেবা, ভর্তুকি ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গতি বাড়বে। তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তারা সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে সঠিক তথ্য দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, এই নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

উপজেলা কৃষি অফিস জানায়, PARTNER প্রকল্পের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে খড়মখালী ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা— কে. এম. শাহনেওয়াজ, কামনাশীষ মজুমদার, মশিউর রহমান, নিমাই চাঁদ মোহস্ত, প্রসেনজিত মন্ডল, শংকর মজুমদার ও সরোজ কুমার বাকচী।

অনুষ্ঠানে কৃষক, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport