সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া সরকারি কলেজে টুর্নামেন্ট উদ্বোধন ঘিরে উত্তেজনা, পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

7 May, 2026 10:06:54
কুষ্টিয়া সরকারি কলেজে টুর্নামেন্ট উদ্বোধন ঘিরে উত্তেজনা, পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

তানভীর আজাদ, কুষ্টিয়া জেলাঃ
কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভে পুরো অনুষ্ঠান অস্থির হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মাঠে উদ্বোধনী কার্যক্রম শুরু হলে একদল শিক্ষার্থী “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। একপর্যায়ে তারা মাঠের ভেতরে প্রবেশ করে অবস্থান নেয় এবং কর্মসূচি স্থবির হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে কলেজ কর্তৃপক্ষ সংসদ সদস্যকে তার কার্যালয়ে নিয়ে যায়। তবে সেখানেও শিক্ষার্থীদের অবস্থান ও স্লোগান অব্যাহত থাকায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে আলোচনা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য ক্যাম্পাস ত্যাগ করেন বলে জানা গেছে।
এদিকে ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন দাবি উঠে আসে। এমপি মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তাকে অবরুদ্ধ করা হয়েছে বলে উল্লেখ করা হলেও পরে দেখা যায় সেখানে ‘এডমিন’ শব্দটি যুক্ত রয়েছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ বিষয়ে এমপি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় পায়। তিনি বলেন, “এমপিকে অবরুদ্ধ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি স্বাভাবিকভাবেই ক্যাম্পাস ত্যাগ করেন।”
অন্যদিকে রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমীর মো. এনামুল হকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ক্যাম্পাসে এ ঘটনার পর স্বাভাবিক কার্যক্রম কিছুটা বিঘ্নিত হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard