কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ
কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকার একটি মোবাইল ব্যাংকিং দোকান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলাল হোসেন দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী ভারতের কোচবিহার অঞ্চলের বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ রিচার্জের কার্যক্রম পরিচালনা করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, কয়েকটি মোবাইল সিম এবং জুয়ার লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ১৬৬ বছর পুরোনো ব্রিটিশ আমলের জুয়া আইন সংশোধন করে সরকার নতুন জুয়া আইন-২০২৬ কার্যকর করেছে। নতুন আইনের আওতায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আলাল হোসেনের বিরুদ্ধে জুয়া আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: