কলকাতায় মহিবুর রহমানের ‘মুর্শিদাবাদের আলোছায়া’ বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন
কলকাতায় মহিবুর রহমানের ‘মুর্শিদাবাদের আলোছায়া’ বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কলকাতায় কবি, সাহিত্যিক ও গবেষক মহিবুর রহমানের তথ্যসমৃদ্ধ গ্রন্থ ‘মুর্শিদাবাদের আলোছায়া’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) কলকাতার লীলা রায় হলে (৫২/৭, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা-১২) ডাঃ বি.সি. রায় মেমোরিয়াল সোসাইটি ও ‘অনপেক্ষ’-এর উদ্যোগে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, বাচিক শিল্পী, শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।
অতিথিদের বরণ, প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক পদ্মশ্রী কাজি মাসুম আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জহর মজুমদার, কবি শ্যামল জানা, চিত্রপরিচালক বাদল সাহা, কবি নৃপেন্দ্রনাথ চক্রবর্তী, কবি প্রদীপ গুপ্ত, কবি পিনাকী রায়, কবি সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জী এবং শিক্ষিকা ও কবি জাহানারা রহমানসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান। এ সময় বিশিষ্ট কথাসাহিত্যিক অভিজিৎ চৌধুরীকে ‘ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি সম্মান-২০২৬’ এবং বিশিষ্ট কবি সৌমিত বসুকে ‘ডাঃ জয়নাল আবেদিন স্মৃতি সম্মান-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে স্মারক, সম্মাননাপত্র ও বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সাহিত্যবিষয়ক আলোচনা করেন প্রাবন্ধিক নীলাঞ্জন শান্ডিল্য ও কবি অদীপ ঘোষ। নীলাঞ্জন শান্ডিল্য আলোচনা করেন ‘প্রেমের কবি নজরুল’ বিষয়ে। আর কবি অদীপ ঘোষের আলোচনার বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের জীবনে সমাজভাবনা’।
বক্তব্যে কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, পদ্মশ্রী কাজি মাসুম আখতার, কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, কথাসাহিত্যিক অভিজিৎ চৌধুরী, প্রাবন্ধিক নীলাঞ্জন শান্ডিল্য, ডা. জহর মজুমদার, কবি অদীপ ঘোষ ও কবি সৌমিত বসু ‘মুর্শিদাবাদের আলোছায়া’ বইটির প্রশংসা করেন। তাঁরা বলেন, মুর্শিদাবাদের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক প্রেক্ষাপট জানতে বইটি পাঠ করা প্রয়োজন। তাঁদের মতে, বইটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও পাঠ্য হিসেবে বিবেচিত হওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে।
নিজের বই সম্পর্কে লেখক মহিবুর রহমান বলেন, “মুর্শিদাবাদ শুধুমাত্র মানচিত্রের একটি জেলা নয়; এটি বাংলার ইতিহাস, আবেগ আর দীর্ঘশ্বাসের এক জীবন্ত দলিল। ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা এই জনপদের ধুলোবালি ঘাঁটলে আজও নবাবি আমলের স্মৃতি যেমন পাওয়া যায়, তেমনি পলাশীর প্রান্তরের সেই ট্র্যাজেডির প্রতিধ্বনিও শোনা যায়। এই আলো আর ছায়ার খেলা নিয়েই আমার বই ‘মুর্শিদাবাদের আলোছায়া’।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বিশ্বজিৎ রায় ও পর্ণালী ব্যানার্জী।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: