কটিয়াদীতে বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

কটিয়াদীতে বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

12 November 2026, 11:31:57

কটিয়াদীতে বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি বাঁশঝাড়ের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

​নিহতের মাথা থেঁতলানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয়রা তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়েও এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের এক নারী ঝোপঝাড়ের পাশে ছাগল চরাতে গিয়ে প্রথম মরদেহটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজনের মাধ্যমে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে মরদেহটির পাশে জমাট বাঁধা রক্ত দেখতে পান। তাঁদের ধারণা, গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করে এখানে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

​এলাকার বাসিন্দা সবুজ বাংগালী জানান, সকালে স্থানীয় এক নারীর মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। নিহত ব্যক্তি কোনো যানবাহনের চালক হতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করছেন স্থানীয়রা।

খবর পেয়ে কটিয়াদী সার্কেলের এএসপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

​বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমেই এই রহস্যজনক হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশা করছি।”

​কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard