একটি দুর্ঘটনা কেড়ে নিল মেধাবী ছাত্র মিশকাতের প্রাণ: শোকের ছায়া পার্বতীপুর জুড়ে
একটি দুর্ঘটনা কেড়ে নিল মেধাবী ছাত্র মিশকাতের প্রাণ: শোকের ছায়া পার্বতীপুর জুড়ে
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর ,দিনাজপুর প্রতিনিধিঃ
“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”—এই চিরন্তন সত্য কথাটিকে আবারও মর্মান্তিকভাবে সত্য প্রমাণ করে না ফেরার দেশে চলে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেধাবী তরুণ মো. মিশকাত ইসলাম। মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার চিরবিদায় ঘটেছে। এই অকাল মৃত্যুতে গোটা পার্বতীপুর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত মিশকাত অত্যন্ত ভদ্র, নম্র ও মেধাবী ছাত্র ছিলেন। তিনি স্থানীয় ব্রাইটনেস স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ভবানীপুর ডিগ্রি কলেজে এইচএসসি শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শুধু পরিবারটি নয়, পুরো এলাকাবাসী ও শিক্ষাঙ্গনে শোকের মাতম চলছে।
পরিবার সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দিনমজুর পিতার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব হওয়ায় আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে এবং আবাদি জমি বন্ধক রেখে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় মিশকাত।
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় দিনমজুর বাবা-মা। সন্তান হারানোর অন্তিম শোকের পাশাপাশি চিকিৎসার ৮ থেকে ১০ লাখ টাকার বিশাল ঋণের বোঝায় পরিবারটি এখন সম্পূর্ণ সর্বস্বান্ত ও দিশেহারা।
মেধাবী ছাত্র মিশকাতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একইসঙ্গে, শোকার্ত এই পরিবারটির ঋণের বোঝা কিছুটা লাঘব করতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
পরিবারের পাশে দাঁড়াতে চাইলে অথবা আর্থিক সহায়তা পাঠাতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে (বিকাশ/নগদ): 01791021486 (পার্সোনাল)। সাহায্য পাঠানোর পূর্বে সরাসরি কথা বলে সহযোগিতা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



