উজানের বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা — ৮০% পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর | বিডি-প্রেস 24 ডট কম

উজানের বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা — ৮০% পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

21 April 2026, 11:54:11

উজানের বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা — ৮০% পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

উজানে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে জেলায় আগাম বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান কাটার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদ-নদীর উজান অববাহিকায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
এতে আগামী কয়েকদিনের মধ্যে নদ-নদীর পানি সমতল আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় আগাম বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে হাওরের অভ্যন্তরেও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ অবস্থায় বোরো ধানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তাই যেসব জমিতে ধানের প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেসব জমির ধান বিলম্ব না করে দ্রুত কাটার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আগাম বন্যা দেখা দিলে হাওরের বিস্তীর্ণ এলাকার পাকা ধান পানির নিচে তলিয়ে যেতে পারে। তাই কৃষকদের স্বেচ্ছাশ্রম, কম্বাইন হারভেস্টার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত ধান কাটার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: