বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান, দুই নারীকে কারাদণ্ড

24 June, 2026 5:52:01
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান, দুই নারীকে কারাদণ্ড

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ৫০ শয্যার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই নারী সদস্যকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের দিল রুবা সুলতানা (২৫) এবং সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের পপি আক্তার (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান গণমাধ্যমকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারক চক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ওই দুই নারীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সক্রিয় ছিল। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ প্রতারক চক্র ও দালালদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সচেতন মহল জানায়, সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ, সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা, দ্রুত চিকিৎসা পাওয়ার প্রবণতা এবং কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের কমিশনভিত্তিক কার্যক্রমের সুযোগে দালাল চক্র গড়ে ওঠে। এসব চক্র রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি তথ্যসেবা কেন্দ্র চালু, সিসিটিভি নজরদারি বৃদ্ধি, রোগীসেবা প্রক্রিয়া সহজীকরণ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে দালালদের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তাদের মতে, প্রশাসনের ধারাবাহিক নজরদারি, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করা গেলে হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport