অস্ট্রেলিয়া সফর নিয়ে রাবিপ্রবিতে বিফ্রিং সেশন অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

অস্ট্রেলিয়া সফর নিয়ে রাবিপ্রবিতে বিফ্রিং সেশন অনুষ্ঠিত

17 July 2026, 5:23:13

অস্ট্রেলিয়া সফর নিয়ে রাবিপ্রবিতে বিফ্রিং সেশন অনুষ্ঠিত

জাহাঙ্গীর, জেলা প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অস্ট্রেলিয়া সফর-সম্পর্কিত একটি বিফ্রিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ সেশনের আয়োজন করা হয়।

জানা যায়, অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (এপিও) প্রোগ্রামের আওতায় গত ১৩ থেকে ২৬ জুন পর্যন্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীনের নেতৃত্বে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

বিফ্রিং সেশনে ভাইস-চ্যান্সেলর অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সেখান থেকে অর্জিত তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে তুলে ধরেন। তিনি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, কারিগরি সহযোগিতা এবং অনলাইনভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে রাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী কোর্স ও কারিকুলাম প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতি গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ গবেষণা ও আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির লক্ষ্যে গবেষণা প্রস্তাব প্রস্তুতের আহ্বান জানান।

এসময় ড. নিখিল চাকমা ও সপ্তর্ষি চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় এবং Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO)-এর সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন।

আলোচনায় যৌথ গবেষণা ও উদ্ভাবন, পিএইচডি প্রোগ্রামে যৌথ তত্ত্বাবধান, এক্সচেঞ্জ প্রোগ্রাম, টেকসই গণতন্ত্র ও সুশাসন, মানবসম্পদ উন্নয়ন, বন ও পরিবেশ সংরক্ষণ, ইকো-ট্যুরিজম, পানি ও স্যানিটেশন, পুষ্টি ও স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ড্রাগ ডিসকভারি এবং কৃষি ও খাদ্যব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

বক্তারা অস্ট্রেলিয়ার শিক্ষক, গবেষক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নেটওয়ার্কিং এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এ শিক্ষা সফরে বাংলাদেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ মোট ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। সফরকালে তারা অস্ট্রেলিয়ার University of Melbourne, Deakin University, Monash University, Griffith University, University of New South Wales (UNSW), University of Wollongong এবং Charles Darwin University পরিদর্শন করেন।

এছাড়া মেলবোর্ন, ব্রিজবেন ও সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একাধিক সেশন, একাডেমিক আলোচনা, মতবিনিময় সভা ও নেটওয়ার্কিং কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: