বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

9 September, 2026 7:53:04
হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

হালুয়াঘাট প্রতিনিধি, ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মালিক শরাফ উদ্দিন ও জমির মালিক আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফিক এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানাটিতে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলমান অবস্থায় পাওয়া যায়।
উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র‍্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সিসা তৈরির কার্যক্রম চলছিল। এতে ওই এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি হলে তা প্রশাসনের নজরে আসে। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। অভিযানের সময় পানি দিয়ে কারখানার চুল্লি নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সবুজবাগ এলাকার জাবেদ আলীর ছেলে আ. মান্নান (৪৮), কৃষ্ণপুর এলাকার দুলহাজ দেওয়ানের ছেলে আ. রহিম (২৪), পাকুরতলা এলাকার আ. মতিন মণ্ডলের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৪), খুবজিপুর এলাকার আসলাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (২২), কামালিয়াপাড়া এলাকার মো. আ. রশিদ ব্যাপারীর ছেলে মো. আনারুল ইসলাম (৪০), চাকুলী এলাকার মো. ফজলু মণ্ডলের ছেলে মো. মশিউর (২৮) ও একই এলাকার আনোয়ার মণ্ডলের ছেলে মো. শিপন (২০)।

অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল এবং ১৫০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে পরিচালিত ওই কারখানার সঙ্গে জড়িত মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির মতো কার্যক্রমে ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্য ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। পাশাপাশি কারখানা ও জমির মালিককেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard