কয়রায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০
কয়রায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৮ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ আসামি রয়েছেন। অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) কয়রা থানার মদিনাবাদ ও ৫ নম্বর কয়রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো.আমির হামজা এবং কয়রা থানার ওসি মোহা. রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ নম্বর কয়রা গ্রামের পিচের মাথা এলাকায় গভীর রাতে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও বেটিং সাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি মোবাইলের পাসওয়ার্ড ম্যানেজারে ৫৭টি জুয়ার সাইটের পাসওয়ার্ড সংরক্ষিত ছিল।
আটক পাঁচজন হলেন মো.ইব্রাহিম হোসেন (২৫), মো. জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মণ্ডল (৩৫) এবং মো. রমজান হোসেন (২৯)।
এছাড়া অনলাইন জুয়া খেলার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জাহিদ হাসান শেখ (২৪), মো. আশিক সরদার (২০) ও আশিকুজ্জামান ওরফে আকাশ সরদার (২২)।
অন্যদিকে,সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি রুবেল সানা (৪৫) ও মো. আজিজুল ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার আটজনের কাছ থেকে মোট আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরোয়ানাভুক্ত দুই আসামিসহ সংশ্লিষ্টদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: