বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

হত্যার শিকার মঞ্জুরুলের পরিবারে সহানুভূতির ছোঁয়া, এগিয়ে এলেন এমপি আজহার

7 May, 2026 5:00:23
হত্যার শিকার মঞ্জুরুলের পরিবারে সহানুভূতির ছোঁয়া, এগিয়ে এলেন এমপি আজহার

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) নিহত মঞ্জুরুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের আর্থিক সংকট বিবেচনায় মঞ্জুরুলের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন এমপি আজহারুল ইসলাম। পাশাপাশি নিহতের দুই সন্তানের লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি।
এমপির এমন মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। স্বজন হারানোর গভীর বেদনার মাঝেও জনপ্রতিনিধির সহমর্মিতায় কিছুটা স্বস্তি ফিরে আসে পরিবারটিতে। স্থানীয়দের মাঝেও বিষয়টি প্রশংসিত হয়।
এ সময় এ টি এম আজহারুল ইসলাম বলেন,
“অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। মঞ্জুরুলের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিয়েছি। সমাজের বিত্তবান মানুষদেরও এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো উচিত।”
তিনি আরও বলেন, সমাজের সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে এমন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা ও ইলেকট্রিশিয়ান ফরিজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু খেতের মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport