শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

সালিশ ব্যর্থ, জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাঁচজন আহত

13 December, 2025 6:16:00
সালিশ ব্যর্থ, জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাঁচজন আহত

চিতলমারী প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর শনিবার ২০২৫।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৪ নম্বর শিবপুর ইউনিয়নের শিবপুর টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শনিবার সালিশের দিন ধার্য থাকলেও এক পক্ষ গ্রাম্য বিচার মানতে অস্বীকৃতি জানায়। এতে স্থানীয় মুরুব্বিরা পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযত থাকার আহ্বান জানান।

সকালবেলায় সালিশদাররা মতামত দিয়ে চলে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে অন্তত পাঁচজন আহত হন এবং তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মো. শহিদুল ইসলাম (৪৬) অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। এ ছাড়া তার চাচাতো ভাই মেহেদী হাসান রাসেল শেখ (৩০) গুরুতর আহত হন। অন্য আহতদের মধ্যে হাবিব শেখ (১৪) ও এমলাদ শেখ (২৫) রয়েছেন।

অন্যদিকে প্রতিপক্ষের আহত মো. জসিম শেখ (২৫) প্রতিনিধিকে বলেন, তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এবং তার হাতে সেলাই দেওয়া হয়েছে। অন্যদিকে গুরতর ভাবে মো. ফরিদ শেখ (৬০) ও মনির শেখ (৫০) হামলার শিকার হয়েছেন বলে তিনি জানান।

চিকিৎসক সূত্রে জানা গেছে, আহত পাঁচজনই বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন-  একটি পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport