সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

3 July 2026, 8:22:40

সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের খগার হাটে ২ জুলাই (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে দেখা যায় পুরনো সরকারি ছাত ঢালাই যাত্রী ছাউনি দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খগার হাটের ওই যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের বিশ্রামের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মফিজার রহমান দিলিপের ছেলে মোঃ উল্লাস হোসেন ছাউনিটি দখল করে সেখানে একটি ভাতের হোটেল চালুর প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের অনুমোদন ছাড়াই রাতারাতি সরকারি স্থাপনাটি দখল করা হয়েছে। এতে সাধারণ মানুষের জন্য নির্মিত সরকারি সম্পদের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাওয়ায় স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী বলেন, প্রভাবশালী,স্থানীয় রাজনীতিক ব্যক্তিদের কারণে সরকারি সম্পদ একের পর এক বেদখল হয়ে যাচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে।
এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে জনগণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: