মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

23 June, 2026 12:00:04
শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এ সভায় কমিউনিটি ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি), ইকোগাইড, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে স্থানীয় জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশের এএসআই সঞ্জয় বর্মণ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন রূপান্তরের ইকো সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী গোলাম কিবরিয়া, ট্রেনিং ফ্যাসিলিটেটর খালিদ মিজান লামি এবং সাংবাদিক আব্দুল হান্নান।

বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বর্তমানে প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে নানা পরিবেশগত হুমকির মুখে রয়েছে। এই দূষণ শুধু বনাঞ্চলের জীববৈচিত্র্যের জন্যই ক্ষতিকর নয়, বরং নদী-খাল, বন্যপ্রাণী এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তারা পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
ছবি- শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport