রুহিয়ায় মিশ্র ফল চাষে সফল উদ্যোক্তা আশিক মল্লিক
রুহিয়ায় মিশ্র ফল চাষে সফল উদ্যোক্তা আশিক মল্লিক
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের আরাজি দক্ষিণ বঠিনা গ্রামে মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন আশিক মল্লিক নামের এক তরুণ উদ্যোক্তা। মাত্র ৫০ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ফলের সমন্বয়ে গড়ে তোলা তার এই বাগান এখন এলাকার মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, প্রায় ৪ বছর আগে শখের বশে এবং নতুন কিছু করার প্রত্যয় নিয়ে বাগানটি শুরু করেন আশিক মল্লিক। বাগানটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। বর্তমানে তার বাগানে গাছ রয়েছে মোট ২১০টি। এর মধ্যে রয়েছে ৫০টি কমলা গাছ এবং ৬০টি পেয়ারা গাছ। বাগানে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ড্রাগন ফল।
উদ্যোক্তা আশিক মল্লিক জানান, বাগানে গত বছর থেকে ফলন আসতে শুরু করেছে। গত এক বছরে তিনি সফলভাবে ৩ বার ড্রাগন ফল বিক্রি করেছেন। এ পর্যন্ত ড্রাগন ফল বিক্রি করে প্রায় ২ লক্ষ, পেয়ারা এবং কমলা বিক্রি করে ১ লক্ষ টাকা আয় করেছেন তিনি।
তার এই সফলতায় এলাকায় মিশ্র ফল চাষে আগ্রহ বাড়ছে অন্যদের মাঝেও। স্থানীয় কৃষকরা বলছেন, ধানের পাশাপাশি এ ধরনের ফল চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব, যা আশিক মল্লিক প্রমাণ করে দেখিয়েছেন।
ভবিষ্যতে বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার। যথাযথ সহায়তা ও কৃষি প্রযুক্তির ব্যবহার পেলে এই বাগান থেকে আরও বড় ধরনের সাফল্যের আশা করছেন তিনি।
৪ নং ঢোলারহাট ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জগদীশ শর্মা বলেন তিন বছর আগে আশিক মল্লিক আমার কাছে ড্রাগনসহ মিশ্র ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করলে আমি তাকে সঠিক পরামর্শ দিয়েছি বর্তমানে আশিক মল্লিক একজন সফল কৃষক।
ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রুহিয়া উপজেলার অতিঃ দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম জানান, কৃষি বিভাগ কৃষকদের সঠিক পরামর্শ দিতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন আশিক মল্লিক একজন সফল কৃষক হয়েছে আমরা আশা করি আশিক মল্লিক এর মিশ্র ফলের বাগান থেকে আরও অনেক কৃষক এরুপ বাগান করতে আগ্রহ বাড়বে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



