মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

24 November, 2026 2:09:34
রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

​মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রহমান লাল (অভিযুক্ত) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাজাপুর থানায় মামলাটি করেন।

​মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিলেন। পথে গালুয়া দুর্গাপুর এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক হঠাৎ পেছন থেকে এসে তার মুখ চেপে ঝাপটে ধরেন এবং যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন। পরে ওই শিক্ষার্থী পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। অভিযুক্ত আব্দুর রহমান লাল একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে।

​ভুক্তভোগী ছাত্রীর মায়ের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্তের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হয়ে থানায় মামলা করার পর থেকে বিভিন্নভাবে তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

​স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত আব্দুর রহমান লাল এর আগেও আরেকজন স্কুলছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছিলেন; তবে তাঁর ভয়ে কেউ তখন মুখ খুলতে সাহস পাননি।

​এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard