রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, বৃদ্ধের বাড়িতে হামলার অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, বৃদ্ধের বাড়িতে হামলার অভিযোগ

18 November 2026, 10:27:31

রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, বৃদ্ধের বাড়িতে হামলার অভিযোগ

মোঃ বনি আমিন জীবন, রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ এবং ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধ মো. হাসেম সরদার আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। এ বিষয়ে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের পূর্ব তিল্লা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে মো. হাসেম সরদার ও তাঁর পরিবার প্রায় ১০০ থেকে ১২০ বছর ধরে পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি ও কৃষিজমি ভোগদখল করে আসছেন।

পরিবারের দাবি, ২০০২ সালে একই এলাকার মৃত আব্দুর রহমান সরদারের ছেলে মো. আমির হোসেন সরদার (৫৫) ওই জমি নিয়ে একটি দেওয়ানি মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে নিম্ন আদালত তাঁর পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও পরবর্তী আদালতেও তাঁরা প্রতিকার পাননি বলে দাবি করেন ভুক্তভোগীরা। পরে তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হলে শুনানি শেষে বিরোধপূর্ণ জমির ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দেন বলে জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরও আমির হোসেন সরদার ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ শুরু করেন। এতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় আমির হোসেন সরদারের ভাই, ছেলে ও স্বজনরা লাঠিসোঁটা নিয়ে হাসেম সরদারের বসতবাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। তাঁরা ঘরবাড়ি ভাঙচুর করেন এবং একপর্যায়ে বৃদ্ধ হাসেম সরদারকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন। এতে তিনি আহত হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের স্থগিতাদেশ কার্যকর করা এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আমির হোসেন সরদারের বাড়িতে গিয়েও তাঁর বা পরিবারের অন্য সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard