সোমবার ৯ নভেম্বর, ২০২৬

মোংলা বন্দর শ্রমিকদের চোখেমুখে নতুন প্রত্যাশার ঝিলিক

7 November, 2026 11:37:22
মোংলা বন্দর শ্রমিকদের চোখেমুখে নতুন প্রত্যাশার ঝিলিক

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

ফুলের তোড়া, ব্যানার, স্লোগান আর করতালিতে মুখরিত মোংলা বন্দর। শ্রমিকদের চোখেমুখে নতুন প্রত্যাশার ঝিলিক। এমনই উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে শুক্রবার (৬ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বন্দরের উন্নয়ন ত্বরান্বিত করা এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে নতুন কমিটি আগামী মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

সকাল ১১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানস্থলে পৌঁছালে সিবিএর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ। এরপর বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরে এক আবেগঘন পরিবেশে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এই অঞ্চল তথা মোংলা বন্দরের উন্নয়নকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “সিবিএকে যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি শ্রমিকরা। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। তাই উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দরের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া মহাপরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী সিবিএর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “বন্দরের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র বিষয়গুলোকে উপেক্ষা করে দেশ ও মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে। বন্দরের কল্যাণে সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।”

বক্তব্যের শেষে তিনি বিদায়ী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক নেতা, বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জেটির প্রবেশদ্বারের কাছে দুটি বৃক্ষরোপণ করেন। পরে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard