মোংলায় জমি নিয়ে জটিলতা: ২ লাখ ৩ হাজার টাকায় কেনা জমিতে বসবাসের পর আদালতের উচ্ছেদ নোটিশে ঘরছাড়া পরিবার!
মোংলায় জমি নিয়ে জটিলতা: ২ লাখ ৩ হাজার টাকায় কেনা জমিতে বসবাসের পর আদালতের উচ্ছেদ নোটিশে ঘরছাড়া পরিবার!

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধে চরম বিপাকে পড়েছে একটি পরিবার। ২ লাখ ৩ হাজার টাকা দিয়ে জমি কিনে ঘরবাড়ি নির্মাণের পর দীর্ঘদিন বসবাস করলেও শেষ পর্যন্ত আদালতের উচ্ছেদ-সংক্রান্ত নোটিশের মুখে বসতভিটা ছাড়তে হয়েছে সোহাগ ফকিরের পরিবারকে। তিন সন্তানকে নিয়ে এখন কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জমির প্রকৃত মালিক মোঃ ফজলুর রহমান শেখের অজান্তে তার জমি দখল করে বিক্রি করা হয়। এ ঘটনায় মোঃ মোজাহিদ খামির, ইউনুচু গাজী ও মিজান ফকির নামের তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তারা ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে ২ লাখ ৩ হাজার টাকায় জমিটি সোহাগ ফকিরের কাছে বিক্রি করেন।
পরবর্তীতে জমির প্রকৃত মালিক মোঃ ফজলুর রহমান শেখ বিষয়টি জানতে পেরে জমির মালিকানা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জমির মালিকানা ফিরে পাওয়ার পর উচ্ছেদ-সংক্রান্ত নোটিশের মুখে পড়েন সোহাগ ফকিরের পরিবার।
ভুক্তভোগী সোহাগ ফকিরের দাবি, জমি কেনার পর নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করেন তারা। এরপর পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। কিন্তু জমির মালিকানা নিয়ে আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত তাঁদের সেই বসতভিটা ছেড়ে চলে যেতে হয়েছে।
একদিকে জমি কেনার জন্য দেওয়া ২ লাখ ৩ হাজার টাকা, অন্যদিকে ঘর নির্মাণে ব্যয় করা অর্থ—সব মিলিয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি আবাসন সংকটে পড়েছে পরিবারটি। বিশেষ করে তিন সন্তানকে নিয়ে নতুন করে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাওয়া এখন তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ।
এ ঘটনায় প্রতিকার চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী সোহাগ ফকির।
আবেদন সূত্রে জানা যায়, মোংলা উপজেলার চিলা মৌজার হলদিবুনিয়া এলাকায় ০.২৬০০ একর জমি ক্রয়ের দাবি করেছেন তিনি। আবেদনপত্রে ২০২১ সালের ৩ ডিসেম্বর একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত হস্তান্তর চুক্তির উল্লেখ রয়েছে।
সোহাগ ফকিরের অভিযোগ, জমি হস্তান্তরের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র, নামজারি, খাজনা পরিশোধ এবং তার নামে রেজিস্ট্রি কবলা দলিল সম্পাদন করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও সেই দলিল বুঝিয়ে দেওয়া হয়নি।
বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ তার। ফলে জমি কেনার অর্থ ও বসতঘর নির্মাণের ব্যয় হারিয়ে এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। জমির প্রকৃত মালিকের অজান্তে কীভাবে অন্যের জমি বিক্রির অভিযোগ উঠল? জমি কেনার আগে ক্রেতাকে প্রকৃত মালিকানা সম্পর্কে যথাযথ তথ্য দেওয়া হয়েছিল কি না? আর দীর্ঘদিন বসবাসের পর উচ্ছেদের মুখে পড়ে যে পরিবারটি আর্থিক ও আবাসন সংকটে পড়েছে, তাদের ক্ষতির দায়ভার কে নেবে?
সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই, জমি বিক্রির পুরো প্রক্রিয়া এবং ঘটনার আইনি দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মোজাহিদ খামির, ইউনুচু গাজী ও মিজান ফকিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে জমির প্রকৃত মালিক মোঃ ফজলুর রহমান শেখের বক্তব্য এবং সংশ্লিষ্ট আদালতের নথিপত্র যাচাই করে জমির মালিকানা নিয়ে আইনি বিরোধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দীর্ঘদিন যে ঘরকে আপন ঠিকানা ভেবে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেছেন সোহাগ ফকির, আজ সেই ঘরই ছেড়ে যেতে হয়েছে তাকে। জমি কেনার অর্থ, ঘর নির্মাণের ব্যয় এবং সন্তানদের ভবিষ্যৎ—সবকিছু নিয়ে এখন দিশেহারা পরিবারটি। তাদের প্রশ্ন, জমি কেনার পর সর্বস্ব বিনিয়োগ করেও এমন পরিস্থিতির শিকার হলে এর দায়ভার নেবে কে?
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: