মাদকের বিরুদ্ধে সোচ্চার জনতা, যাদবপুরে বিশাল মানববন্ধন ও র্যালি
মাদকের বিরুদ্ধে সোচ্চার জনতা, যাদবপুরে বিশাল মানববন্ধন ও র্যালি
মোঃ ফজলুল কবির, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে এক বিশাল মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার (১০ জুন) বিকেল ৫টার দিকে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে যাদবপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এবং মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজ ও যুবসমাজের জন্য এক ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। এই সামাজিক অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কেবল প্রশাসনের ওপর নির্ভর করলেই চলবে না, বরং সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সরকারের মাদকবিরোধী সকল কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বের কথা উল্লেখ করে বক্তারা জানান, মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব ইতিবাচক উদ্যোগ স্থানীয় তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে এবং মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে দারুণ সহায়তা করছে। এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
আরিফুল ইসলাম (আরিফ) ও মো. ইদ্রিস মিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাস্টার, মো. সোনা মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. ওহিদুল হোসেন, মো. সবুজ হোসেন, মো. রাজ্জাক হোসেন, মো. লিটন, মো. সবুজ (বড়বাড়ি), মো. আনারুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ থেকে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



