শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহযোগিতা করে রুম টু রিড বাংলাদেশ (নাটোর অফিস)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার। শুভেচ্ছা বক্তব্য দেন রুম টু রিড বাংলাদেশের ম্যানেজার মো. ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁচকৈড় শহীদা-কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রয়োজনীয়তা, যৌন হয়রানির সংজ্ঞা, আইনগত দিক, করণীয়, হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশনা এবং কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।
এছাড়া মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা কমিটির কার্যকর পরিচালনা, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও তার প্রতিকার, আগামী ১২ মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব বণ্টন এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনা করেন।
সভায় গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, খুবজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে সক্রিয় ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: