শনিবার ১১ জুলাই, ২০২৬

মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিল বৃষ্টি; খোলা আকাশের নিচে তিন সন্তানসহ নিঃস্ব দিনমজুর

11 July, 2026 2:02:27
মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিল বৃষ্টি; খোলা আকাশের নিচে তিন সন্তানসহ নিঃস্ব দিনমজুর

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় টানা মুষলধারে বৃষ্টিতে এক দরিদ্র দিনমজুরের মাথা গোঁজার একমাত্র বসতঘরটি ভেঙে সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারটি তাদের শেষ সম্বল হারিয়ে এখন খোলা আকাশের নিচে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে।
​ঘটনাটি ঘটেছে কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত পরিবারটির কর্তা মো. শাহিন হাওলাদার স্থানীয় একজন অসহায় দিনমজুর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে শাহিন হাওলাদার, তাঁর স্ত্রী এবং তিন সন্তানসহ পুরো পরিবার ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো টিনের ঘরটি ধসে পড়ে। তবে অলৌকিকভাবে পরিবারের সদস্যরা অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হন। কিন্তু চোখের পলকেই শাহিন হাওলাদারের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।

​বর্তমানে ঘরটি পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় তীব্র বৃষ্টি ও চরম দুর্ভোগের মধ্যে স্ত্রী-সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই দিনমজুর। মাথা গোঁজার নতুন একটি ঘর নির্মাণের মতো আর্থিক সামর্থ্য এই মুহূর্তে তাঁর একেবারেই নেই।

​অসহায় দিনমজুর মো. শাহিন হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এমনিতেই দিন আনি দিন খাই, তার ওপর ঘরটা পড়ে এখন আমরা নিঃস্ব। সন্তানদের নিয়ে অন্যের দুয়ারে পড়ে আছি। কেউ যদি একটু সাহায্য না করে, তবে আর ঘর তোলার কোনো উপায় দেখছি না।”

​এদিকে, ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন কাঠালিয়া কর্তৃক জানানো হয়েছে যে, গত ০৩/০৫/২০২৬ তারিখে ভুক্তভোগী পরিবারকে ঘরটি অস্থায়ীভাবে মেরামতের জন্য দুই বান্ডিল টিন এবং ৬,০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছিল। এছাড়া, অদ্য ভেঙে পড়া ঘরের স্থলে নতুন করে একটি ঘর নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সম্ভাব্য স্থানটি পরিদর্শন করা হয়েছে।

​ঝড়-বৃষ্টির এই মৌসুমে ক্ষতিগ্রস্ত পরিবারটির স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সমাজের বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তিদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport