বড়াইগ্রামে সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ইতিহাস / বিস্তারিত

বড়াইগ্রামে সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা

10 October 2026, 10:21:07

বড়াইগ্রামে সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা

মোঃ মেহেদী হাসান, ​বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বনপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ডে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
​নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এতে প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে। যেখানে এই হত্যা মামলার বিচার প্রক্রিয়া থমকে ছিল, সেখান থেকেই পুনরায় আইনি কার্যক্রম বেগবান করা হবে।”
​সভায় বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য নেতারা হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও অপরাধীদের শাস্তি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তারা এ বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।
​স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক সদস্য সচিব আলী আকবর এবং সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম প্রমুখ।
​উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর দুপুরে প্রকাশ্যে সানাউল্লাহ নূর বাবুকে কুপিয়ে ও লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বনপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম ডা. সাবের হোসেনের পুত্র, বনপাড়া পৌর বিএনপির সভাপতি এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard