সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) তাঁরা এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিষয়টি জানান এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। তিনি বলেন, সুন্দরবনের ওপর নির্ভর করে হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়াল জীবিকা নির্বাহ করেন। কিন্তু দস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বনজীবীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে।
এসআরবি-৬-এর মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের প্রেক্ষাপটে অতীতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা এবং আত্মসমর্পণকারী কয়েকজনের আবার অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। বনজীবীদের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনাও সামনে এসেছে।
এ পরিস্থিতিতে সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৬ গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং দস্যু জীবনের অনিশ্চয়তা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে।
এসআরবি-৬ আশা করছে, ১৫ সদস্যের আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও শক্তিশালী হবে।
মিডিয়া সেল জানিয়েছে, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: