ব্যালট বাক্স চুরির চেষ্টা হলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ
ব্যালট বাক্স চুরির চেষ্টা হলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ
মোঃ ইমরান মুন্সি,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হুঙ্কার দিয়ে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “গত নির্বাচনে ব্যালট বাক্স চুরির যে ঘটনা আমরা দেখেছি, এবার যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে, তাদের বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে।”
রোববার বিকেলে উপজেলা বাগড়ি বাজার থেকে পদযাত্রাটি শুরু হয়ে বাইপাস মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই মুহূর্তে নাগরিকদের দায়িত্ব আমাদের নিজেদেরই কাঁধে তুলে নিতে হবে। যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায়, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে। যারা বালু খেকোদের অর্থে নির্বাচিত হয়, তারা বালু খেকোদের বিরুদ্ধে কথা বলে না। আবার যারা গুন্ডা-পান্ডাদের টাকায় নির্বাচিত হয়, তারা জনতাকে নয়, বরং সেই গুন্ডাদের ভয় পায়। আমরা জনগণের টাকায় সংসদে গিয়েছি, তাই জনগণের কথাই বলি। কারও রক্তচক্ষু বা মিডিয়া মাফিয়াদের আমরা ভয় পাই না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে এনসিপির পক্ষ থেকে প্রতিজ্ঞা করেছিলাম, আপনারা আমাদের ভোট দিলে আমরা আপনাদের নিঃস্বার্থ সেবা দেব। আমরা সেই কথা রেখেছি, সংসদে আপনাদের অধিকারের কথা বলে যাচ্ছি।”
পথসভায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ৫০ জন নারী এমপির মধ্যে ৩৭ জনকে বরাদ্দ দিলেও তাদের মতো নারীদের বঞ্চিত করেছে। তিনি বলেন, “তারেক জিয়া নিজেই বলেছেন সবাইকে নিয়ে রাজনীতি করতে চান। অথচ আমাদের বঞ্চিত করার মাধ্যমে তারা আওয়ামী লীগের আমলের মতো একতরফা রাজনীতি করারই চেষ্টা করছেন।”
উপজেলা আহ্বায়ক শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, আরিফুর রহমান তুহিন, মুজাহিদুল ইসলাম শাহীন এবং তরিকুল ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় ঝালকাঠির রাজাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আরিফুর রহমান তুহিনের নাম ঘোষণা করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



