ফুলবাড়ীতে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪ মাংস বিক্রেতাকে জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ফুলবাড়ীতে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪ মাংস বিক্রেতাকে জরিমানা

15 June 2026, 11:13:51

ফুলবাড়ীতে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪ মাংস বিক্রেতাকে জরিমানা

মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্সবিহীনভাবে মাংস বিক্রি, পশু জবাইয়ের পূর্বে প্রয়োজনীয় স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র সংগ্রহ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন মাংস বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলার বিভিন্ন বাজারে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি মাংসের দোকানে অনিয়ম পরিলক্ষিত হয়। যাচাই-বাছাই করে দেখা যায়, কিছু বিক্রেতা বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া পশু জবাইয়ের পূর্বে সরকারি ভেটেরিনারি সার্জন বা প্রাণিসম্পদ বিভাগের অনুমোদিত চিকিৎসকের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র সংগ্রহ করা হয়নি। একই সঙ্গে বেশ কয়েকটি দোকানে মাংসের মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি, যা প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী।
এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ৪ জন মাংস বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস সংরক্ষণ ও বিক্রয়, নির্ধারিত নিয়ম মেনে পশু জবাই এবং ভোক্তাদের কাছে স্বচ্ছ মূল্য তথ্য প্রদর্শনের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: