পরিদর্শনে গিয়ে শিক্ষক ইউএনও, নিলেন গণিতের ক্লাস
পরিদর্শনে গিয়ে শিক্ষক ইউএনও, নিলেন গণিতের ক্লাস

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গণিতের ক্লাস নিয়েছেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বাগালী ইউনিয়নের উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ ক্লাস নেন।
বিদ্যালয়ে গিয়ে প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউএনও। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তৃতীয় শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের গণিত পড়ান।
হঠাৎ ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা এবং মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য উৎসাহ দেন।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলে, ইউএনও স্যার আমাদের গণিতের ক্লাস নিয়েছেন। তিনি নিয়মিত স্কুলে আসতে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছেন। তাঁর কাছ থেকে ক্লাস করতে আমাদের খুব ভালো লেগেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, “ইউএনও স্যার বিদ্যালয়ের নিচতলায় আনসার-ভিডিপির একটি অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি একটি শ্রেণির ক্লাসও নেন। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে।
ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকি বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাই সময় ও সুযোগ পেলেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নিই। আমারও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা ছিল। আজ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর সুযোগ পেয়ে ভালো লেগেছে।
তিনি আরও বলেন,একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের একটি ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে সময় কাটানো এবং পড়ানোর অভিজ্ঞতা আমার জন্যও আনন্দের।
শিক্ষক ও অভিভাবকেরা বলেন, বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলা এবং পাঠদানে অংশ নেওয়া একটি ইতিবাচক উদ্যোগ। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বাড়বে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: